শ্যামনগরে শিক্ষা অফিসের মধ্যে সংঘর্ষ, সহকারী শিক্ষা অফিসারসহ ৯ জন আহত

Date:

Share:

শ্যামনগরে শিক্ষা অফিসের মধ্যে সংঘর্ষ, সহকারী শিক্ষা অফিসারসহ ৯ জন আহত

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। এসময় আলমগীর হোসেন (৪০) নামে সহকারী এক শিক্ষা অফিসারসহ বিবাদমান দুই পক্ষের নয়জন আহত হয়। আহতদের মধ্যে নিতাই চন্দ্র মন্ডল(৪৩), মনোজিৎ কুমার মন্ডল(২১), আবুল কালাম(৩৬), হেমায়েত(২৭), মোহাম্মদ আলী(৩০ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা।জানা যায়, জালাল উদ্দীন নামের এক ব্যক্তি তার পুত্র রাজুকে উপজেলার ১০৪ নম্বর লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি করতে আগ্রহী। এবিষয়ে সদ্য বিলুপ্ত সভাপতি প্রকাশ মন্ডল ও তার পরিবার শুরু থেকে আপত্তি জানিয়ে আসছে। সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিস্পত্তির জন্য সোমবার উভয় পক্ষকে নিয়ে নিজ দপ্তরে বৈঠকে বসেন। এসময় বাদানুবাদের একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিতাই চন্দ্র মন্ডল জানান, বিদ্যালয়ের অনুকুলে ভূমিদাতা হিসেবে দীর্ঘদিন ধরে তাদের পরিবার পরিচালনা পর্ষদে নেতৃত্বে দিচ্ছেন। আকস্মিকভাবে ৫ আগষ্টের পর নেতা বনে যাওয়া জালালউদ্দীন প্রভাব খাটিয়ে নিজ পুত্রকে এবার সভাপতি করতে চাচ্ছে। সোমবার শুনানী চলাকালে জালাল, জাহিদসহ বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় আসা ১২/১৪ সন্ত্রাসী তাদের উপর দু’দফা হামলা করেছে। চারজন আহত হলেও তারা দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এঘটনায় তারা জালালসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি। জালাল উদ্দীনের দাবি নিতাই ও তার পরিবারের সদস্যরা সকলে আ’লীগের রাজনীতিতে জড়িত। নানা কারণে তারা এলাকা ছাড়া। বাধ্য হয়ে ছেলে রাজুকে তিনি সভাপতি করতে চেয়েছিলন। বিষটি নিয়ে আলোচনার মধ্যে নিতাইসহ তার পরিবারের লোকজন তাদের উপর হামলা করে মারাত্বকভাবে তিনজনকে জখম করেছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক জানান ঘটনার সময় তিনি অফিসে ছিলেন না। বিষয়টি শোনার পর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সরকারি অফিসের মধ্যে এমন কান্ড ঘটার নেপথ্য কারন তিনি খতিয়ে দেখবেন। শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ পিয়ার উদ্দীন জানান, শিক্ষা অফিসে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিকাল পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।

২৯ জুন ২০২৬
শ্যামনগরে শিক্ষা অফিসের মধ্যে সংঘর্ষ, সহকারী শিক্ষা অফিসারসহ ৯ জন আহত