কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি চর্চায় ৯০ কৃষককে নিয়ে মাঠ দিবস পালন

Date:

Share:

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতিতে অভ্যস্ত করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে এবং Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে বাস্তবায়িত Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রায় ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে লবণসহিষ্ণু ও উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়ার সুইটিএফ-১ ও মায়াএফ-১ জাত, বিরি ধান-১০৩, বিনা ধান-২৩, বিরি ধান-১১২ এবং তরমুজের বিভিন্ন জাতের পরিচিতি, উৎপাদন প্রক্রিয়া, ফলন ও দেশি জাতের সঙ্গে পার্থক্য তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু সহনশীল শাকসবজি চাষ, নেপিয়ার ঘাস, কমলা সুন্দরী মিষ্টি আলু এবং ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষের কৌশল সম্পর্কেও কৃষকদের ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও মিঠাপানির সংকট কৃষি উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের জীবিকা টেকসই করতে CALL প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মধ্যে বিভিন্ন ফসলের প্রদর্শনী করা হয়, যা কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা লবণসহিষ্ণু ফসলের বিভিন্ন জাতের গুণাগুণ, উৎপাদন পদ্ধতি ও সম্ভাব্য ফলন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। একই সঙ্গে এসব জাত ও আধুনিক কৃষি পদ্ধতি নিজেদের জমিতে চর্চার ব্যাপারেও আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফকির তৈয়েবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি. এম. আব্দুল কাদের। এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য লাভলী পারভীন, লিডার্সের CALL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৪ নভেম্বর ২০২৬
কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি চর্চায় ৯০ কৃষককে নিয়ে মাঠ দিবস পালন