পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী,

Date:

Share:

পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী,

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। অন্যদিকে যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন তিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণে এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।

পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা।

ঋণপ্রাপ্তদের মধ্যে পুঠিয়া উপজেলার শাকিব খান, মোছা. হাসি বেগম ও মোছা. হিরা বিবি প্রত্যেকে এক লাখ টাকা করে এবং বাঘা উপজেলার মো. জুয়েল আক্তার, মোছা. শারমিন আক্তার ও মো. নবীউল ইসলাম প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে পেয়েছেন। এছাড়া বাগমারা উপজেলার মুক্তি আখতার ও হাসান আলী দেওয়ান প্রত্যেকে এক লাখ টাকা এবং তিশা খাতুন ও আব্দুল বারী প্রত্যেকে ৮০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন।

২৪ নভেম্বর ২০২৬
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী,