তালায় গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
জহর হাসান সাগর,
সাতক্ষীরার তালা উপজেলার মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘদিন ধরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ফিলিং স্টেশনটিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
স্থানীয় ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি তেল সরবরাহ করে আসছিল। এ নিয়ে একাধিকবার অভিযোগ উঠলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, গ্রাহকদের তেল কম দেওয়ার ভিত্তিতে মিলিনিয়াম ইউরিকা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান পাম্পে যে মেশিনে তেল কম দেওয়া হচ্ছিল ওই মেশিন যতদিন তেলের পরিমাপ সঠিক না হবে ততদিন বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে
গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও জ্বালানি তেল পরিমাপে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।
