তালায় দুই মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য, চরমে জনভোগান্তি

Date:

Share:

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় প্রায় দুই মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। জমির নামজারি (মিউটেশন)সহ ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। এ পরিস্থিতিতে দ্রুত একজন কর্মকর্তা নিয়োগ দিতে খুলনা বিভাগীয় কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে তালা উপজেলার ভূমি কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন। তবে দুই উপজেলার দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে বলে সংশ্লিষ্টদের ধারণা। ফলে তালা উপজেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা প্রত্যাশিত সময়ে পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে।

বিশেষ করে জমির নামজারি কার্যক্রমে বিলম্বের কারণে জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজে জটিলতার মুখে পড়ছেন সাধারণ মানুষ। সময়মতো নামজারি সম্পন্ন না হওয়ায় অনেককে প্রয়োজনীয় কাজ পিছিয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সহকারী কমিশনার (ভূমি) পদটি ভূমি প্রশাসন ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় ভূমিসেবা কার্যক্রমে যে চাপ তৈরি হয়েছে, তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এ অবস্থায় জনভোগান্তি কমাতে তালা উপজেলায় দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়ার জন্য খুলনা বিভাগীয় কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

১১ অক্টোবর ২০২৬
তালায় দুই মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য, চরমে জনভোগান্তি