মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত সবুজ মিয়ার মৃত্যু
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার প্রায় দেড় মাস পর চিকিৎসাধীন অবস্থায় সবুজ মিয়া(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সবুজ মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে।
এর আগে গত ২৪ আগষ্ট বিকেলে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বসানো নিয়ে দূর্গাপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) সহ তার লোকজনের সাথে একই গ্রামের সবুজ মিয়াসহ তার লোকজনের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় রাতেই নিহত সবুজ মিয়ার পক্ষ থেকে আনিছুর ইসলাম ইমন(২৮) বাদি হয়ে প্রতিপক্ষের জাহাঙ্গীর আলমসহ ১৩ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সবুজ মিয়ার মৃত্যুর খবরটি আমাকে জানিয়েছে। তবে এ ঘটনায় থানায় দায়েরকৃত পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় সংযোজন করা হবে।
