পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ২০২৫-২৬ অর্থবছরের এডিপির (চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে উপজেলার ৩৫টি শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা এস. এম. আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমির মাওলানা জি. এম. বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর আমির ডা. আছাদুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু) এবং অ্যাডভোকেট রুহুল আমিন।
ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারি সেবাকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
