তালা প্রতিনিধিঃঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সোমবার (১৯ শে অক্টোবার) দিনব্যাপি তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্স, মাঝিয়াড়া দুর্গামন্দির, শিবপুর দুর্গামন্দির, তালা বাজার, মোবারকপুর ও উথালীতে বীরেন্দ্রনাথ ভদ্র মহাশয়ের দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া পাটকেলঘাটা ও কুমিরা এলাকার বিভিন্ন পূজামণ্ডপও ঘুরে দেখেন তিনি।
তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আকতারুজ্জামান, তালা থানার অফিসার ইনচার্জ এস আই মহাসীন আলী, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি বাবু কল্যাণ বসু, সাধারণ সম্পাদক বাবু জীবন ঘোষ, মহাশ্মশান দুর্গামন্দির কমিটির সভাপতি বাবু লাল সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তালা উপজেলা সভাপতি অমল কুমার দত্ত, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু ও শিক্ষক জগবন্ধু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তা ও পূজার সার্বিক পরিবেশ নিয়ে মতবিনিময় হয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
