সিংড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজ, দিলেন সহযোগিতার আশ্বাস
কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
ধর্ম যার যার, উৎসব সবার—এই সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন সবুজ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সালাউদ্দিন সবুজ বলেন, “আমি আপনাদেরই সন্তান। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনারা যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেটাই আমার প্রত্যাশা।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। মানুষের ভালোবাসা অর্জন করাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে পাশে থাকবেন—এটাই আমার চাওয়া।”
স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে তাঁর এই পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশায় পূজামণ্ডপ পরিদর্শনের এ উদ্যোগকে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।
