পরিবেশ রক্ষায় কালিগঞ্জে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ কর্মসূচি
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ প্রতিনিধি
“কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কালিগঞ্জে বিনামূল্যে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আয়োজনে নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকাশীল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ এবং শিক্ষিকা কণিকা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। সেই ধারাবাহিকতায় প্রতিটি উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৭০০ জন উপকারভোগীর মাঝে মোট সাড়ে ৮ হাজার নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগীকে ৫টি করে নারকেল গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
