গোপালগঞ্জের বর্নি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ফরিদ গাজীর

Date:

Share:

গোপালগঞ্জের বর্নি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ফরিদ গাজীর

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ২ নম্বর বর্নি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ গাজী।
শনিবার তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফরিদ গাজী বলেন, “বর্নি ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে দীর্ঘদিন কাজ করে আসছি। জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করতে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ গাজী বর্নি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।