মোহনগঞ্জে বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে একটি বিয়ে অনুষ্ঠানের আনন্দের ফাঁকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই শিশু কন্যা নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)।
এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের বাড়িতে তারই এক ভাতিজির বিয়ের আনুষ্ঠানের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। দুপুরে এক ফাঁকে কাউকে না জানিয়েই নিজাম উদ্দিনের দুই শিশু কন্যা নিহা আক্তার ও নোহা আক্তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু নোহা ও নিহা আক্তারকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদের দ্রুত সেখান থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের দুর্ঘটনায় মৃত্যুর খবর মূলত হাসপাতাল থেকেই পুলিশকে জানানোর নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা জানানো হয়নি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত দুই শিশুর মরদেহ দাফন করা হয়।
