শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে চাচা ভাইপোর ওপর হামলা ও লুটের অভিযোগ
মোঃ আরিফুজ্জামান আরিফ শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ধান ব্যবসায়ী ও তার ভাইপোর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি গত ১৭ জুন রাতে মাহমুদপুর এলাকার একটি পাকা সড়কে ঘটে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মো. আব্দুর রাজ্জাক গাজী (৬৮) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মো. আব্দুর রাশেদ গাজী (৬৭) ধান ব্যবসার কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তার পিঠ ও বাম কাঁধে গুরুতর জখম হয়। এ সময় তার কাছে থাকা ধান ব্যবসার ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।রাশেদ গাজীর চিৎকার শুনে তার ভাইপো আইয়ুব আলী গাজী (৪০) ঘটনাস্থলে ছুটে এলে তাকেও হামলার শিকার হতে হয়। এজাহারে বলা হয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয় এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা আইয়ুব আলীর কাছে থাকা আরও ৯০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি ভুক্তভোগীদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভেঙে ফেলে, যাতে তারা দ্রুত যোগাযোগ করতে না পারেন।
স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত দুজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।বাদী এজাহারে উল্লেখ করেছেন, জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল না হওয়ায় থানায় মামলা করা হয়েছে।এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
