মাদক-জুয়ার সাথে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে”, মোহনগঞ্জে- বাবর

Date:

Share:

মাদক-জুয়ার সাথে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে”, মোহনগঞ্জে- বাবর

 

 

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

 

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ছাত্রদলসহ দলের যে কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মাদক ও জুয়ার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তোলে দেওয়া হবে।

সোমবার (১৫ জুন) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বাবর বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্র সংগঠনই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশ ও দলের ক্লান্তি লগ্নে মেধা ও সাহসী এই ছাত্রদলই রাজপথে থেকে দেশের বিরুদ্ধে হওয়া সকল অন্যায়ের প্রতিবাদ করে আসছে। ছাত্রদলই হলো বিএনপির মূল শক্তি। তাই মেধা, সৎ, ত্যাগী ও সাহসী ছাত্রদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের অপর গুরুত্বারোপ করেন তিনি।

হাওরের মৎস্য সম্পদ রক্ষায় সকলকেই এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এই বর্ষা মৌসুমে হাওরে এখন প্রচুর পরিমাণে দেশীয় বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ রয়েছে। কমপক্ষে ৩ মাস এসব মা ও পোনা মাছ ধরা থেকে সকলকেই বিরত থাকতে হবে। তবেই হাওর এলাকায় মৎস্য সম্পদের দিক থেকে ব্যাপক সফলতা অর্জন করা সম্ভব হবে।

এ কর্মী সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা।

বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল হক এনাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু, সদস্য সচিব কিরণ খাঁ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালন অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন,

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা হায়দার আলী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক মাসুম প্রমূখ।