পাইকগাছার চাঁদখালীতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুই মামলা ; গনপিটুনীতে নিহতের ঘটনায় সাবেক ছাত্রনেতা মিন্টুর ৪ দিনের রিমান্ড
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালীতে হাসান কিং (৩৫) নামে মাদকাসক্ত এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনা কে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ১৪ জুন রোববার মিলন ইসলাম ও পারভীন বেগম বাদি হয়ে নিহতের পরিবারের লোকজন সহ অন্যান্যদের আসামি করে পৃথক এ মামলা দুটি করেন। এদিকে হাসান হত্যা মামলায় ১৫ জুন সোমবার রিমান্ড শুনানি শেষে গ্রেফতার সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
উল্লেখ্য গত ৭ জুন রোববার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে নিহত হয় একই এলাকার মালেক সরদারের ছেলে হাসান কিং। নিহতের এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নিহতের পরিবারের দাবি প্রসাব করাকে কেন্দ্র করে মিন্টু ও তার লোকজন দলবদ্ধ হয়ে হাসান কে পিটিয়ে হত্যা করেছে। অন্যদিকে হাট ইজারাদারের লোকজন সহ এলাকার অনেকেই বলেন হাসান একজন চিহ্নিত মাদক কারবারকারি। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এমনকি তার জন্য এলাকার নারীরা ও নিজের নিরাপদ মনে করতো না। এলাকার সব শ্রেণির মানুষ তার ভয়ে থাকতো। ৫ আগস্ট পরবর্তী সময়ে সে বেশি বেপরোয়া হয় বলে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিযোগ করেন। গত ৭ জুন সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে তার মৃত্যু হয়। নিহতের এ ঘটনা কে কেন্দ্র করে ৭ জুন রাতে এবং ৮ জুন ভোরে নিহতের পরিবারের লোকজন হাট ইজারাদার নাজমুল হুদা মিন্টু ও তার ভাই মিলন ইসলাম মিথুন এর চাঁদখালী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুস মোড়ল এবং তার ভাই ইমরান হোসেনের বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। হাসান নিহতের ঘটনায় তার পিতা মালেক সরদার বাদী হয়ে ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করে। যার নং -০৯। এ মামলায় ৯ জুন গ্রেফতার করা হয় সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু কে।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ১৪ জুন রোববার নাজমুল হুদা মিন্টুর ভাই হ্যাচারি ব্যবসায়ী মিলন ইসলাম মিথুন ও আব্দুল কুদ্দুস মোড়লের স্ত্রী পারভীন বেগম বাদি হয়ে দুটি মামলা করেছেন। যার নং ১৫ ও ১৬। নিহত হাসানের পরিবারের লোকজন সহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০/৪৫ জন কে আসামি করা হয়েছে দুটি মামলায়।
অন্যদিকে হাসান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য গ্রেফতারকৃত সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু কে সোমবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিন্টুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া। ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ও জানিয়েছেন থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা।
গত ১০ জুন আদালত থেকে জেল হাজতে পাঠানোর সময় নাজমুল হুদা মিন্টু নিজেকে নির্দোষ দাবি করে উপস্থিত সকলের সামনে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার বলে জানান।
