তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ,সামাজিক মাধ্যমে প্রশংসা চিকিৎসকের

Date:

Share:

নিজস্ব প্রতিবেদক,তালাঃ
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ করা হয়েছে। রবিবার, ১১ জানুয়ারী হাসপাতালের নোটিশ বোর্ড এবং বিভিন্ন দেওয়ালে এই ঘোষণা দেখা গেছে। নোটিশে বলা হয়েছে, প্রতি কিলোমিটার অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারিত হয়েছে ১০ টাকা।

নোটিশ অনুযায়ী, তালা থেকে সাতক্ষীরা মেডিকেল পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ৭০০ টাকা, তালা থেকে সাতক্ষীরা সদর পর্যন্ত ৬০০ টাকা, এবং তালা থেকে খুলনা মহানগর/মেডিকেল পর্যন্ত সর্বোচ্চ ৯০০ টাকা। ভাড়া প্রদান রশিদসহ হবে এবং কোনো ব্যত্যয় ঘটলে নাগরিকরা ০১৭৩০-৩২৪৬১৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ খালিদ হাসান নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় সুবিধা দাবি করে, খারাপ ব্যবহার করে অথবা অনৈতিকভাবে অর্থ গ্রহণ করে, তবে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে এবং লিখিত অভিযোগ জমা দিতে হবে।

ডাঃ নয়নের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বচ্ছতা ও নাগরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রে যুগান্তকারী হিসেবে অভিহিত করছেন। নোটিশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে এটি দেশের বিভিন্ন মানুষের নজর কেড়েছে।

স্থানীয়রা মনে করছেন, সরকারি ভাড়া নির্ধারণ এবং কর্মকর্তার সতর্ক বার্তা নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। এতে রোগী ও তাদের পরিবার সহজে পরিষেবা পেতে পারবেন এবং অন্যায় সুবিধা বা অতিরিক্ত চার্জের সুযোগ কমে যাবে।