তালা প্রতিনিধি ঃঃ
নিখোঁজের পাঁচ দিন পর তালার বালিয়া খেয়াঘাটে কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
রোববার(১১ ই জানুয়ারী) সকালে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদের চরে নৌকার কাছির সঙ্গে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ ক্যাম্পে খবর দেয়।
জানাযায়,মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রবিউল ইসলাম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। একপর্যায়ে নৌকা থেকে পড়ে তিনি কপোতাক্ষ নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি বন্ধ রাখা হয়। পরদিন বুধবার সকাল থেকে আবারও নদীতে তল্লাশি চালানো হলেও স্রোতের তীব্রতার কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পাইকগাছা নৌ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই রবিউল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রির্পোট সংগ্রহ শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, কপোতাক্ষ নদের প্রবল স্রোত উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়ায়। দুই দিন যাবত পুলিশের টিম ও ফায়ার সার্ভিস একটি টিম ডুবুরি দ্বারা উদ্ধার চেষ্টা করে ব্যার্থ হয়। অবশেষে রবিবার সকালে তার মরদেহ ভেসে উঠলো।
