তালায় সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক স্কুল শিক্ষক নিহত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার সড়ক দুর্ঘটনায় দেবাশীষ চক্রবর্তী (৩২) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। নিহত দেবাশীষ চক্রবর্তী সিলেট জেলার মৌলভীবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার পিতা মধুসূদন চক্রবর্তী জালালপুর গ্রামের বাসিন্দা এবং তিনিও একজন শিক্ষক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ভাড়ায় মোটরসাইকেলে খুলনার উদ্দেশে রওনা হন দেবাশীষ চক্রবর্তী। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে খুলনার আঠার মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে চুকনগর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, দেবাশীষ চক্রবর্তী বাগেরহাটে তার শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ছুটি শেষ হওয়ায় সোমবার কর্মস্থলে যোগদানের কথা ছিল। কিন্তু পথে আঠার মাইল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। সন্ধ্যায় জালালপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।