তালায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ওসির নেতৃত্বে পুলিশের তৎপরতা বৃদ্ধি

Date:

Share:

নিজস্ব প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য প্রতিরোধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

শনিবার( ১৩ ডিসেম্বর) দিন ব্যাপি তালা থানার উদ্যোগে মুক্তিযোদ্ধা কলেজ মোড় ও তালা ব্রিজ মোড়ে স্থাপন করা হয়েছে পুলিশ চেকপোস্ট। এসব চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন যাচাই করা হচ্ছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এসআই বুলবুল হোসেনসহ পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে দিন-রাত সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান,“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।