তালায় জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার এর সাথে তালার উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক জনাব আফরোজা আখতার।

উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান,তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, বিএনপির উপজেলা সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মির্জা সাকিব, রাকিবুল ইসলাম, রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভা শুরুর আগে উপস্থিত সুধীজন সাতক্ষীরা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব আফরোজা আখতারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় বক্তারা তালার জলাবদ্ধতা নিরসন, আধুনিক পৌরসভায় রূপান্তর, অনলাইন জুয়া ও মাদক নির্মূল, তালা হাসপাতালের অনিয়ম দূরীকরণ, কপোতাক্ষ নদের খনন, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ স্থাপন, আধুনিক বিনোদনকেন্দ্র নির্মাণসহ উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও সরকারি সেবার গতিশীলতা বাড়ানোর জন্য নানা প্রস্তাবনা তুলে ধরেন।

বক্তাদের মতামত গ্রহণ করে জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, তালা উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি আন্তরিকভাবে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এ সময় তিনি ইউএনওকে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন।

জেলা প্রশাসক আফরোজা আখতার আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে। নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। যেখানে সকলে স্ব পরিবারে নির্বিঘ্নে, নির্ভয়ে পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবে। এ লক্ষে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনে সচেষ্ট হতে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে জেলা প্রশাসক আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে সকল ধরনের গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে আহবান জানান।