তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে জাল টাকা তৈরির কারখানার খোঁজ পেয়েছে র্যাব-৬, যশোর ক্যাম্প। এ ঘটনায় খলিশখালি ইউনিয়নের পণেশপুর গ্রামের কাশের গাজীর ছেলে ইব্রাহিম গাজি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়েছে।
র্যাব সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকান থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ ইব্রাহিম গাজিকে আটক করে র্যাব সদস্যরা।
পরে ইব্রাহিম গাজিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গণেশপুর গ্রামে জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ইব্রাহিম গাজির বাড়ি থেকে কম্পিউটার, মনিটর, রঙিন প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম এবং ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে ঘটনাটি একটি সুসংগঠিত জাল টাকা চক্রের সক্রিয়তার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। গ্রেপ্তার ইব্রাহিম গাজির বিরুদ্ধে মামলা নং—৬৫ (১১)/২৫, তারিখ: ২১/১১/২৫ দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন,র্যাব-৬ যশোরের একটি ইউনিট জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ইব্রাহিম গাজিকে থানায় হস্তান্তর করেছে। এসংক্রান্তে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
