শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম (৪৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম উপজেলার কদমতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম প্রতিদিনের মতো নৌকায় করে নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে একটি বজ্রপাত সরাসরি তার নৌকার ওপর আঘাত হানে। বজ্রপাতের পর নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখে আশপাশে থাকা অন্যান্য জেলেরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে ট্রলারে করে তাকে হরিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রাম্য চিকিৎসক শিবপদ মণ্ডলের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নুর ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
