পরিবেশ দূষণের অপরাধে বেলকুচিতে দুই প্রসেসিং মিলকে অর্থদণ্ড

Date:

Share:

পরিবেশ দূষণের অপরাধে বেলকুচিতে দুই প্রসেসিং মিলকে অর্থদণ্ড
ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে বিভিন্ন প্রসেসিং ও ডাইং মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার দৌলতপুর, শেরনগর ও চালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানকালে চালা পৌর এলাকার মেসার্স শিল্পী প্রসেসিং মিল এবং সততা প্রসেসিং মিল-এর প্রতিনিধিদের পরিবেশ দূষণের অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায় পৃথক দুটি মামলায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে দৌলতপুর এলাকার ভাই ভাই প্রসেসিং মিল-এ মোবাইল কোর্ট পরিচালনার সময় মিল কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মিলের আশপাশের এলাকা এবং টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেন। এসব নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান প্রসেসিং মিল মালিকদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ দূষণ না করে সরকারি বিধি-বিধান মেনে কারখানা পরিচালনা করতে হবে। তিনি শেরনগর ও চালা এলাকার মিল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।