শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয় এবং সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, বর্ষীয়ান রাজনৈতিক নেতা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল মনির, শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল খেলা। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
