তালায় দোকানের বিরোধের জেরে ডেইরি মালিককে কুপিয়ে জখম, ২৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

Date:

Share:

 

তালায় দোকানের বিরোধের জেরে ডেইরি মালিককে কুপিয়ে জখম, ২৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

দোকানে সামান্য কথা-কাটাকাটির জেরে সাতক্ষীরার তালায় এক ডেইরি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর দোকানের কর্মচারীর বিরুদ্ধে। এ সময় ব্যবসায়ীর কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকুঞ্জি পাড়া  এলাকায় এ ঘটনা ঘটে। আকুঞ্জি পাড়া

আহত ব্যবসায়ীর নাম রবীন ঘোষ (৫৫)। তিনি তালা বাজারের ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়।

রবীন ঘোষের ছেলে পার্থ ঘোষের অভিযোগ, একই গ্রামের বাসিন্দা লিটন শেখ (২২) তাঁর বাবার ডেইরি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। লিটন শেখ একই গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।

সোমবার সন্ধ্যায় দোকানে তাঁর বাবার সঙ্গে লিটনের সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তাঁর বাবার পথরোধ করেন লিটন।

পার্থ ঘোষের দাবি, এ সময় লিটন ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং পিটিয়ে জখম করেন। একপর্যায়ে তাঁর বাবার কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান অভিযুক্ত। ঘটনার পর স্থানীয়রা রবীন ঘোষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ নভেম্বর ২০২৬
তালায় দোকানের বিরোধের জেরে ডেইরি মালিককে কুপিয়ে জখম, ২৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ