এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার সদর উপজেলার টিক্কারচর ও নগরীর তেলীকোনা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকায় অভিযান পরিচালনা করে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর বুধবার (১ জুলাই) সকালে একই ইউনিটের অপর একটি আভিযানিক দল নগরীর তেলীকোনা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেনকে (৩৭) গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান জিদান টিক্কারচর গ্রামের খোকন মিয়ার ছেলে এবং মনির হোসেন রাঙ্গুড়ি গ্রামের শাহ আলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে তাদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
