ডুমুরিয়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: বিশ্বকাপের আমেজ ও এইচএসসি পরীক্ষার্থীদের স্বপ্ন ফিকে
জাহাঙ্গীর আলম মুকুল ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা আর সামনেই এইচএসসি পরীক্ষা—এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ডুমুরিয়া উপজেলাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট জনজীবনকে স্থবির করে দিয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অস্বাভাবিক কম হওয়ায় ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দিন-রাত সমানতালে লোডশেডিং চলায় ক্ষুব্ধ এলাকাবাসী।
ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় রায় স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, উপজেলার চারটি প্রধান উপকেন্দ্র—গুটুদিয়া, খর্ণিয়া, আঠারোমাইল ও শাহপুরে বিদ্যুতের তীব্র ঘাটতি রয়েছে। বর্তমানে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা–রাত ১২টা) ১৫ মেগাওয়াট এবং অফ-পিক আওয়ারে ১০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ।
স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সরাসরি ক্ষোভ প্রকাশ করে জানান, বিশ্বকাপের ম্যাচগুলো দেখা তো দূরের কথা, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখা লাটে ওঠার উপক্রম হয়েছে। এছাড়া কৃষি সেচ ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে ডুমুরিয়া জোনাল অফিসের পক্ষ থেকে খুলনা-৫ আসনের সংসদ সদস্যের কাছে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ডুমুরিয়ার জনজীবন আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
