তালার শিবপুর ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Date:

Share:

টাইব্রেকারে খড়েরডাঙ্গার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন তেঁতুলিয়া
তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলার শিবপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে তেঁতুলিয়া ইয়ং স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে|

রবিবার(২১ শে জুন) বিকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সামনের বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধনী ও খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম| অনুষ্ঠানে মুকুল সরদার সভাপতিত্বে ও ফারুক খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়নের গ্রাম্য ডাক্তার শহিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সদস্য এস.এম হাসান আলী বাচ্চু, জহর হাসান সাগর, ফয়সাল হোসেন, রেমিটেন্স যোদ্ধা রনি গাজী, শেখ জামাল, বিশিষ্ট সমাজসেবক আজিজুল ইসলাম, মমিন বিশ্বাস, আব্দুল লতিফ ও আব্দুল আলীম|

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়| খড়েরডাঙ্গা ফুটবল একাদশের পক্ষে ১২ নম্বর জার্সিধারী মিলন প্রথম গোল করেন| পরে ১০ নম্বর জার্সিধারী পার্থ দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন| অপরদিক তেঁতুলিয়া ইয়ং স্পোটিং ক্লাবের পক্ষে ১০ নম্বর জার্সিধারী সাব্বির ও ৯ নম্বর জার্সিধারী ফেরদাউস একটি করে গোল করে খেলায় সমতা ফেরান| নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হলে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে| পরে টাইব্রেকারে তেঁতুলিয়া ইয়ং স্পোটিং ক্লাব দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের ঘরে তোলে| খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তেঁতুলিয়া ইয়ং স্পোটিং ক্লাবের গোলরক্ষক বিপ্লব| টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়| খেলা পরিচালনা করেন রেফারি রেজাউল ইসলাম সানা| তাকে সহযোগিতা করেন লাইনসম্যান রিপন খাঁ ও শহিদ হোসেন|

প্রধান অতিথির বক্তব্যে এস.এম নজরুল ইসলাম বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই|”

খেলা শেষে চ্যাম্পিয়ন তেতুলিয়া ফুটবল একাদশ ও রানারআপ খড়েরডাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়| স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফাইনাল খেলাটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়|