সাতক্ষীরা জেলার সামাজিক সংগঠন “ভালোবাসার মঞ্চ”-এর উদ্যোগে পবিত্র কুরবানী উপলক্ষে একটি গরু কুরবানী করে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামে এ মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়। কুরবানী ও মাংস বিতরণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালোবাসার মঞ্চের সভাপতি আকরামুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তুহা, তৌহিদুর জাম্মান, আমির হোসেন, অ্যাডভোকেট কবির আহমেদ, বি এম বাবলু রহমান, ফয়সাল হোসেন, জহর হাসান সাগরসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় থেকেই তাদের এই উদ্যোগ। “চাই একটু সহানুভূতি” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় বক্তারা বলেন, কুরবানী শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে কুরবানীর মাংস এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। আয়োজনে অংশ নেওয়া স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
