জহর হাসান সাগর, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের বাসিন্দা নাসিম ফকির ওরফে বাবু (৩৮), তিনি খোকন ফকিরের ছেলে এবং হাফিজুল ফকির (৪০), তিনি সাজ্জাদ ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম ফকির ও হাফিজুল ফকির ভোরে মোটরসাইকেলযোগে তালা থেকে চুকনগরের উদ্দেশ্যে চিংড়ির পোনা সংগ্রহ করতে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা কনজুমার ডিভিশন যশোরের একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাসিম ফকিরের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সামজেদ জানান, নিহত দুজনই জীবিকার তাগিদে চিংড়ির পোনা আনতে যাচ্ছিলেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
