তালার খলিলনগর হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে|
হাজরাকাটি আদর্শ যুব সংঘের উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের পর্দা ওঠে| উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাংবাদিক এস এম নজরুল ইসলাম|
তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই| এ ধরনের আয়োজন তরুণদের সুশৃঙ্খল জীবনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
হাজরাকাটি আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন, হাজরাকাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহমত আলী সরদার, খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম বিশ্বাস (নুরু), সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু এবং সাবেক ফুটবলার আরিফুল সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘সিআর৭’ খ্যাত ফুটবলার ˆসকত রহমান শিমুল| উদ্বোধনী ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়াবিদ হাবিবুর রহমান হাবিব| তাকে সহযোগিতা করেন ওহিদ বিশ্বাস ও হযরত মোড়ল| খেলার ধারাভাষ্য প্রদান করেন শিক্ষক মোঃ অলি আর রহমান|
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি, পাইকগাছা এবং বারাত ফুটবল একাদশ, সাতক্ষীরা| প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে| দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম, যিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন| খেলাটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়|
