তালা প্রতিনিধিঃঃ
তালায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘু অধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর তালা উপজেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করা হয়।
সাতক্ষীরা জেলা শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক মৃণাল কান্তি রায় ও সদস্য সচিব অসীম কুমার মন্ডল স্বাক্ষরিত তালা উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির তালা উপজেলা শাখার সভাপতি অমল কুমার দত্ত, সাধারণ সম্পাদক সরোজিৎ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক শিবপদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যদের করতালির মধ্য দিয়ে কমিটির আত্মপ্রকাশ সম্পন্ন হয়
অনুষ্ঠানে বক্তারা বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই এ সংগঠনের মূল লক্ষ্য।
বক্তারা আরও উল্লেখ করেন, যে কোনো বৈষম্য, নিপীড়ন বা সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সংগঠন দৃঢ় অবস্থান নেবে এবং আইনগত ও সামাজিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
