তালা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান ও রাষ্ট্রনায়ক তারেক রহমান-এর সাথে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের জনপ্রিয় এমপি প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তাঁর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী কানেতা ইয়া লাম-লাম অরনীকে সঙ্গে নিয়ে নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
গতকাল রোববার বেলা ৩ টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকার অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-১ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ভূমিকা এবং নির্বাচন-পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে প্রিয় নেতাকে অবহিত করেন। তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবস্থান, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ দেশ পরিচালনায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় তারেক রহমান ধানের শীষের পক্ষে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং দলকে আরও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে। পাশাপাশি সাতক্ষীরা জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে করনীয় বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
