তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলায় কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল ও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর-গাছা ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক হিরন্ময় মন্ডল তার শিশুকন্যাকে নিয়ে চলাচলের সময় এক যুবক তাদের পথরোধ করে হামলা চালায় এবং ছিনতাইয়ের চেষ্টা করে। এতে শিক্ষক ও তার শিশুকন্যা আহত হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দূর্গম বিলান এলাকা থেকে অভিযুক্ত যুবক সজীব সরদারকে আটক করে পুলিশে খবর দেন। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে হামলার খবর শোনামাত্র আহত শিক্ষককে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি আহত শিক্ষক ও তার শিশুকন্যার খোঁজখবর নেন এবং বলেন,“শিক্ষক ও শিশুর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। ইউনিয়নে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অপরাধ দমনে আমরা সবসময় সক্রিয় থাকব।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, কলেজ শিক্ষক ও তার শিশুকন্যার ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী। অভিযুক্ত যুবক এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান,অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা জোরদার করার দাবি জানিয়েছেন।
