তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলায় হরিহরনগর অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি বালু উত্তোলন মেশিন জব্দ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিমাখালি গ্রামের মৃত শাহাবুদ্দিন সরদারের ছেলে আ. রহিম (৫০) এবং একই গ্রামের কওছার মোড়লের ছেলে আলী হাসান (২৮)-কে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ও আটটি লোহার পাইপ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খান জানান, জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা গ্রহণপূর্বক তাদের মুক্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
