কপোতাক্ষের স্রোতে তলিয়ে গেলেন শ্রমিক দিপংকর, স্বজনদের কান্নায় ভারী নদীর তীর

Date:

Share:

কপোতাক্ষের স্রোতে তলিয়ে গেলেন শ্রমিক দিপংকর, স্বজনদের কান্নায় ভারী নদীর তীর
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে দিপংকর মন্ডল (৩৫) নামে এক দিনমজুর নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার স্টিমার ঘাট এলাকায় অসাবধানতাবশত নদীতে পড়ে যান তিনি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ উদ্ধার অভিযান চললেও সোমবার সকাল পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি।
নিখোঁজ দিপংকর মন্ডল পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিনভর কাজ শেষে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কপোতাক্ষ নদের স্টিমার ঘাট এলাকায় হাত-পা ধুতে যান দিপংকর। এ সময় নদীর পাড়ে পা পিছলে আচমকা গভীর পানিতে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই নদের তীব্র স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। উপস্থিত স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পাইকগাছা থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকাল পর্যন্ত নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হলেও দিপংকরের সন্ধান পাওয়া যায়নি।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে আমাদের টিম ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযান এখনো অব্যাহত রয়েছে।
এদিকে প্রিয়জনের অপেক্ষায় রোববার রাত থেকেই কপোতাক্ষের তীরে বুকভাঙ্গা আর্তনাদ নিয়ে অপেক্ষা করছেন দিপংকরের পরিবারের সদস্যরা। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো রাড়ুলী ইউনিয়ন ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

২২ জুন ২০২৬
কপোতাক্ষের স্রোতে তলিয়ে গেলেন শ্রমিক দিপংকর, স্বজনদের কান্নায় ভারী নদীর তীর