টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

Date:

Share:

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ চিরুনি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ জুন ২০২৬) র‌্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার ছৈয়দ নুরের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

এর পরিপ্রেক্ষিতে ২১ জুন রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা দক্ষতার সঙ্গে ঘেরাও করে আবসার মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবসার মিয়া টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া (১ নম্বর ওয়ার্ড) এলাকার নুরুল আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

২১ জুন ২০২৬
টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার