ডুমুরিয়ায় ক্ষতিগ্রস্ত ৭৫টি আশ্রয়ণ পরিবারের পাশে প্রশাসন: চাল ও নগদ অর্থ বিতরণ
জাহাঙ্গীর আলম মুকুল ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার কারণে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (২০ জুন) বিকেলে উপজেলার কাঁঠালতলা ও বরাতিয়া ৪৮ ব্লক আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। প্রধান অতিথি হিসেবে তিনি কাঁঠালতলা ও বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের প্রত্যেকের হাতে ৩০ কেজি চাল এবং নগদ ২,০০০ টাকা করে তুলে দেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং ভবদহ নদী খনন প্রকল্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেন, “দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার সর্বদা সচেষ্ট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ।” তিনি ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই মানবিক সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সফল করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম (তানিম) এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিতরণ শেষে বরাতিয়া ৪৮ ব্লকের আশ্রায়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গাছের চারা রোপন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি।
