কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া মাধবপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী, একটি চুরি মামলার পলাতক আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদকসেবীকে সাজাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম (৪৪) উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. রফিকুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির বসতঘরের শয়নকক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম মাধবপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে একই দিনে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিন চুরি মামলার পলাতক আসামি মো. ইনজামুল হক ওরফে ইনজামুল হাসান (২১)-কে গ্রেফতার করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রানীয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি একটি চুরি মামলায় পলাতক ছিলেন বলে জানা গেছে।
এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মনঘোষ এলাকার জুয়েল মিয়া (২৯)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, উত্তর চান্দলা গ্রামের সিরাজুল ইসলাম (৫৫)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং চারিপাড়া গ্রামের মাইন উদ্দিন (৩৩)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
