তালায় প্রাণি বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার মুড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াকলিয়া নুরানি কিল্ডান গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “তালা উপজেলা প্রাণি বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এবং দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান মাছাদুল, উপদেষ্টা কাজী এনামুল ইসলাম বিপ্লব, সদস্য আল আমিন হোসেন ও ইউনুস আলী সরদার। অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মুড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শাহাজান শেখ, রিপন হোসেন, আব্দুল্লাহ সিদ্দিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান মাছাদুল জানান, তালা উপজেলার পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে গঠিত “তালা উপজেলা প্রাণি বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান এবং বিনামূল্যে গবাদিপশুর ভ্যাকসিন ও কৃমিনাশক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানায়। তারা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।
