ডুমুরিয়ার চুকনগরে সিএসএস-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Date:

Share:

ডুমুরিয়ার চুকনগরে সিএসএস-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক দুস্থ মানুষ

জাহাঙ্গীর আলম মুকুল
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ার চুকনগরে সিএসএস (CSS)-এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত শনিবার (১৩ জুন) সকালে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে চুকনগর শাখা চত্বরে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শত শত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। বিশেষ করে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতাভুক্ত মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পে সেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ ডা. অর্পিতা গাইন।

ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস- এর সাতক্ষীরার তালা রিজিওনাল ম্যানেজার মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিএসএস বর্তমানে সারা দেশে ২২২টি শাখার মাধ্যমে পর্যায়ক্রমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পরিচালনা করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুকনগর ব্রাঞ্চ ম্যানেজার দিপাংকর সরকার, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. ইব্রাহিম খলিল।

এছাড়াও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অমিত কুমার,হোমিও চিকিৎসক কিংকর সাহা, মো. মোমিন বিশ্বাসসহ
এলাকার বিশিষ্টজন ও সিএসএস-এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএসএস-এর এমন মানবিক আয়োজনে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে। এলাকার সাধারণ মানুষ এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন।