তালায় শিবপুর স্পোর্টিং ক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় উৎসবমুখর পরিবেশে শিবপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে|

শুক্রবার (১২ জুন) বিকেলে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সামনের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম|

উদ্বোধনী অনুষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক রিজাউল ইসলাম সানা সঞ্চালকের দায়িত্ব পালন করেন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য এস.এম হাসান আলী বাচ্চু, শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুল লতিফ শেখ ও মুকুল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলাফীল গাজী, শাওন শেখ, সামিউল খাঁ, রিয়াব খাঁ, আবু সাইদসহ শিবপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা|

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শাহাপুর ফুটবল একাদশ ও মহল্লাপাড়া ফুটবল একাদশ| নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলার ফলাফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়| রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে মহল্লাপাড়া ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে শাহাপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে|

এ সময় প্রধান অতিথি এস.এম নজরুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই| নিয়মিত ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়| মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন|