পাইকগাছায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Date:

Share:

  • পাইকগাছায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    খুলনার পাইকগাছায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।
    টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
    কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।
    সেমিনারে বক্তারা সুস্থ-সবল জাতি গঠনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ক্রমবর্ধমান ভেজালের ভিড়ে স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীরা যেন বাইরের অস্বাস্থ্যকর ও খোলা খাবার পরিহার করে, সে বিষয়ে আলোকপাত করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার পরিহার করে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
    জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান তাঁর প্রবন্ধে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন দিক সহজ ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন লিফলেট ও সচেতনতামূলক সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।