শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর মৌজায় সরকারি মৎস্য নীতিমালা লঙ্ঘন করে পরিচালিত একটি সাদা মৎস্য ঘেরের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় মৎস্য ঘের মালিকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মৃত. মাস্টার আব্দুল জলিলের পুত্র মোঃ রাজা হোসেন দীর্ঘদিন ধরে পরানপুর এলাকায় একটি সাদা মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। অভিযোগে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ঘেরের আউট ড্রেন, পার্শ্বনালা এবং সরকারি পিচঢালা সড়কের পার্শ্বে প্রয়োজনীয় মাটি না দিয়ে ঘের পরিচালনা করায় পার্শ্ববর্তী চিংড়ি ঘের মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া ঘেরের পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয় কবরস্থান প্লাবিত হওয়ায় জনমনে ক্ষোভ ও ধর্মীয় অনুভূতির অবমাননার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত ব্যক্তিকে সরকারি বিধি অনুসরণ করে ঘের পরিচালনার পরামর্শ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছেন। এমনকি সরকারি পিচঢালা সড়ককে ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করারও অভিযোগ করা হয়েছে।
মৎস্য ঘের মালিকদের পক্ষে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির কার্যক্রমের কারণে স্থানীয় মৎস্য চাষিরা আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত ও সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ অবস্থায় সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি মৎস্য নীতিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের মালিকরা।
