তালা প্রতিনিধিঃ
তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির ২৫ বছরের সাবেক সভাপতি মরহুম মোঃ আব্দুল করিম মিঞার স্ত্রী আলহাজ্ব জবেদা করিম (৭৫)-এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শুকদেবপুর গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন ক্বারী মোঃ আব্দুর রব। জানাজায় শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী নেতা মোঃ আফতাব হোসেন, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, তেঁতুলিয়া শাহী জামে মসজিদের খতিব ক্বারী মোঃ আব্দুল জব্বার, মধুগ্রাম ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমা আলহাজ্ব জবেদা করিম একজন ধার্মিক, পরহেজগার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত নারী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তাঁর একমাত্র পুত্র মধুগ্রাম ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ মিজানুর রহমান। কন্যারা হলেন ডাঃ চায়না ও সরকারী চাকুরীজীবি রিক্তা। এছাড়া তিনি পৌত্র ক্যাপ্টেন এসজিপি নাফিজ সাদিক রিফাতসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
