তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে গভীর রাতে সংঘটিত এক চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আব্দুর করিম খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আমিনুর রহমান জানান, তিনি আবুল খায়ের কনজুমার ডিলার হিসেবে ব্যবসা করেন। ঘটনার দিন বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেল পড়ে যায়। পরে বাড়িতে ফিরে তিনি ব্যবসার নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা এবং ধান বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা ঘরে রেখে দেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ মোট ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফজেড মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সকালে স্ত্রীর কান্নার শব্দে ঘুম ভেঙে উঠে ঘরে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।
পরিবারের অপর সদস্য ময়দুল ইসলাম বলেন, ঘটনার রাতে তিনি বাজারের একটি চায়ের দোকানে চা পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ায় চুরির সময় কিছুই বুঝতে পারেননি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
