সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়ন যাচাই শেষে ৫ প্রার্থী বৈধ

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব নামে পরিচিত এস. এম. মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও সমর্থক হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে অনিয়ম পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়নপত্র প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে স্থগিতাদেশ প্রত্যাহার করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন মো.হাবিবুল ইসলাম হাবিব (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো. ইজ্জত উল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), শেখ মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. ইয়ারুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), জিয়াউর রহমান (জাতীয় পার্টি), এবং এস.এম মুজিবুর রহমান (স্বতন্ত্র)। মনোনয়ন যাচাই শেষে বৈধ ঘোষিত পাঁচজন প্রার্থী আগামী নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসন এর মধ্যে তালা উপজেলায় ৯৩টি এবং কলারোয়া উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। সাতক্ষীরা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮৭৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪৮ হাজার ৮৭৩ জন। ভোটার সংখ্যার দিক থেকে নারী ভোটার পুরুষ ভোটারের তুলনায় কিছুটা বেশি।