তালায় ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
৬ দফা দাবি আদায়ে দেশব্যাপী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, তালা উপজেলা শাখার উদ্যোগে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল কাদের সরদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান ও মহিলা সম্পাদিকা মিসেস ফাতেমা খান সেতু এ প্রতিবেদককে জানান, স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে গত ২৯ নভেম্বর থেকে তাদের আন্দোলন চলমান রয়েছে।

তারা জানান, স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—১. নিয়োগবিধি সংশোধন,২. ১৪তম গ্রেডে উন্নীতকরণ
৩. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,৫. পদোন্নতির মাধ্যমে উচ্চতর গ্রেড প্রদান,৬. শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী নির্ধারণ।

নেতৃবৃন্দ আরও জানান, চলমান আন্দোলন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি না হলে ২২ জানুয়ারি থেকে নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্বাস্থ্য সহকারীরা জানান, এসব দাবি বাস্তবায়ন হলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও কার্যকর হবে।