সাতক্ষীরাসহ ৬৪ জেলায় পুলিশ সুপার পদে রদবদল: আরেফিন জুয়েল নতুন এসপি, মনিরুল ইসলাম যাচ্ছেন চুয়াডাঙ্গায়

Date:

Share:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে স্বচ্ছতা ও ভারসাম্য আনতে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

লটারির মাধ্যমে সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) নতুন করে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচনকালীন সময়ের সাতক্ষীরায় দায়িত্ব পাওয়া আরেফিন জুয়েল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর দাড়েরপাড়া গ্রামের আমিরুল ইসলামের পুত্র। চাকরিজীবনে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল পরিচিতি গড়ে তুলেছেন।

অন্যদিকে, সাতক্ষীরায় দায়িত্ব পালন করা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তার কর্মদক্ষতা, তরুণবান্ধব নেতৃত্ব ও মানবিক ভূমিকায় জেলায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। চুয়াডাঙ্গায় তার যোগদানকে স্থানীয়ভাবে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।