ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ও মডেল শ্যামনগর গড়ার আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের

Date:

Share:

ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ও মডেল শ্যামনগর গড়ার আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
“ঐক্য ছাড়া কোনো জাতি এগোতে পারে না। সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।” সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও সমন্বয়কসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “মাছ, কৃষি ও খেলাধুলায় শ্যামনগর একটি সম্ভাবনাময় জনপদ। সুন্দরবন শ্যামনগরের সবচেয়ে বড় পরিচয়। এসব বিষয়ের প্রতি এই জনপদের প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, গোটা দেশের মধ্যে বিশেষ পরিচিতি পাবে।”তিনি আরও বলেন, “বাংলাদেশ আবারও অন্ধকারে ডুবে যাক সেটা কেউ চাইবে না। দেশকে কোনোভাবেই পিছিয়ে যেতে দেওয়া যাবে না। দেশের অগ্রগতির জন্য প্রত্যেককে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে এবং এর মাধ্যমেই আত্মতৃপ্তি খুঁজতে হবে।”মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পারিবারিক সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো পরিবারের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য খুবই উদ্বেগজনক। অঙ্কুরেই তা নষ্ট করতে না পারলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।” এ ছাড়া তিনি পদ্মপুকুরের উপকূল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, সরকারি জমির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খেলার মাঠ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লে. মাহাবুব, সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সামরিক গোয়েন্দা বিভাগের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং প্রধান শিক্ষক আব্দুল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কাউসার আজিজ ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং অসহায় দুস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।পরবর্তীতে তিনি নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের রেকর্ডরুমসহ বিভিন্ন শাখা এবং শ্যামনগর থানা পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ হয়ে আধুনিক ও মডেল শ্যামনগর গড়ার আহ্বান সাতক্ষীরা জেলা প্রশাসকের